যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে ফোনালাপ ফাঁস, ওসি প্রত্যাহার

ফেনীর দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে তিনটি ফোনালাপের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) জেলা পুলিশের এক আদেশে তাকে থানা থেকে প্রত্যাহার করে ফেনী পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনিকে আটক করে পুলিশ। পরবর্তীতে সন্ত্রাস দমন আইনের একটি মামলায় তিনি জামিনে মুক্তি পান। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে সনির সঙ্গে ওসির কথোপকথনের তিনটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ফাঁস হওয়া অডিওগুলোতে আটক হওয়ার পর থানায় ২ লাখ টাকা লেনদেন, পরে আরও অর্থ দাবি, পলাতক এক যুবলীগ নেতার প্রসঙ্গ এবং ওসির সরকারি বাংলোয় গোপনে দেখা করার বিভিন্ন নির্দেশনার মতো ‘আপত্তিকর’ নানা বিষয় উঠে আসে।
বিষয়টি নিশ্চিত করে ফেনীর পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহ এশিয়া পোস্টকে জানান, দাগনভুঞা থানার ওসি ফয়জুল আজিম নোমানকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। নতুন ওসি না যোগ না দেওয়া পর্যন্ত থানার পরিদর্শক তদন্ত ফেরদৌসী বেগমকে ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।


