দিনাজপুর বোর্ডে ১৮ প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীই ফেল

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ১৮টি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব বিদ্যালয় থেকে মোট ১২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও তাদের সবাই অকৃতকার্য হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফলাফলের পরিসংখ্যান প্রকাশ করা হয়।
ফলাফল পরিসংখ্যান অনুযায়ী, পাসের হার শূন্য হওয়া বিদ্যালয়গুলোর মধ্যে রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর হাই স্কুলে ১৮ জন ও ঘাসিপুর হাই স্কুলে ১৫ জন, গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার উত্তর দামোদরপুর কাজীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঁচজন ও পলাশবাড়ী উপজেলার মনোহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনজন এবং নীলফামারীর ডোমার উপজেলার আমবাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন পরীক্ষার্থী অংশ নেয়।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালতলা হাই স্কুলে ১২ জন, ব্রাহ্মণপাড়া হাই স্কুলে চারজন, সদর উপজেলার পূর্ব কুমারপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে একজন এবং ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চারজন পরীক্ষা দেয়। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার এএম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পাঁচজন ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ১৯ জন পরীক্ষার্থী অংশ নেয়।
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা আদর্শ উচ্চ বিদ্যালয়ে চারজন, অনভারডিঘি উচ্চ বিদ্যালয়ে সাতজন, মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঁচজন, তাওরিগাঁও উচ্চ বিদ্যালয়ে পাঁচজন এবং হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনজন পরীক্ষার্থী অংশ নেয়। এ ছাড়া পঞ্চগড়ের বোদা উপজেলার বালারামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একজন এবং বোদা সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তিনজন পরীক্ষায় অংশ নিলেও কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন জানান, এ বিষয়ে আমরা বিস্তারিত তদন্ত করব। কেন তারা পাস করতে পারছে না, কোনো ঘাটতি আছে কি না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না কিংবা কী ব্যবস্থা নিলে ফলাফল ভালো হবে—সেটি খতিয়ে দেখা হবে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নূর মো. আব্দুর রাজ্জাক জানান, গত বছরও খারাপ ফলাফল করা প্রতিষ্ঠানগুলোকে ডেকে এনে তাদের নানাধরনের পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছিল।
.png)

