logo
Advertisement

স্ত্রীকে মাটিচাপা দিয়ে থানায় গিয়ে নিখোঁজের নাটক

এশিয়া পোস্ট নিউজ, নরসিংদী
স্ত্রীকে মাটিচাপা দিয়ে থানায় গিয়ে নিখোঁজের নাটক
আটক শরীফ মিয়া। ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে স্ত্রী জাহানারা বেগমকে (৩৯) হত্যার পর মরদেহ মাটিচাপা দেওয়ার ঘটনায় স্বামী শরীফ মিয়াকে (৪২) আটক করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) রাতে তাকে আটক করা হয়।

Advertisement

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে জাহানারার সঙ্গে শরীফের বিয়ে হয়। তাদের সংসারে ৮ বছর বয়সি একটি কন্যাসন্তান রয়েছে। অভিযুক্ত শরীফ মাধবদী শহরের একটি হোটেলে চাকরি করতেন। নিহতের স্বজনেরা এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

হত্যার রহস্য যেভাবে উন্মোচন

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শরীফ মিয়া জানান, গত সোমবার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি স্ত্রীকে থাপ্পড় মারলে তিনি টিউবওয়েলের ওপর পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে ঘরে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণ পর তিনি মারা গেছেন বুঝতে পারেন। এরপর জানাজানির ভয়ে কাউকে না জানিয়ে তিনি মরদেহ গোপনে মাটিচাপা দিয়ে দাফন করেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, স্ত্রীকে হত্যার পর মরদেহ মাটিচাপা দেওয়ার অভিযোগে শরীফ মিয়াকে আটক করা হয়েছে। ঘটনার দুদিন পর বুধবার দুপুরে শরীফ থানায় এসে নিখোঁজের নাটক সাজিয়ে স্ত্রী হারিয়ে যাওয়ার সাধারণ ডায়েরি বা অভিযোগ করার চেষ্টা করেন। এ সময় তার অসংলগ্ন কথাবার্তায় পুলিশের সন্দেহ হলে তাকে ও স্থানীয়দের নজরদারিতে রাখতে বলা হয়। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে পুরো হত্যাকাণ্ডের রহস্য বেরিয়ে আসে।

পুলিশ জানিয়েছে, যেহেতু মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে, তাই তা আইনগত প্রক্রিয়ায় উত্তোলনের জন্য ম্যাজিস্ট্রেটের অনুমতির প্রয়োজন। অনুমতি পাওয়ার পরপরই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

বিষয় :