সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে মাদক: এমপি জাহান্দার আলী

মাদকের কারণে সমাজব্যবস্থা ভেঙে পড়ছে, বিপর্যস্ত হচ্ছে পারিবারিক জীবন। এর প্রভাব পড়ছে রাষ্ট্রের ভবিষ্যতের ওপরও। তাই মাদক নির্মূলে সরকারসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান।
রোববার (১১ অক্টোবর) মাদারীপুরের রাজৈর উপজেলার নারারকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নারারকান্দি সুশীল সমাজের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহান্দার আলী জাহান বলেন, মাদক নিয়ে সরকার ও প্রতিটি পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। মাদকের কারণে সমাজব্যবস্থা ভেঙে পড়ছে, পরিবারের অবস্থা শোচনীয় হয়ে উঠছে। এভাবে চলতে থাকলে রাষ্ট্রের ভবিষ্যৎও অন্ধকারের দিকে যাবে। মাদক বন্ধ করতে না পারলে সমাজের বড় ধরনের ক্ষতি হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, প্রত্যেক মানুষকেই একদিন মৃত্যুবরণ করতে হবে। কে কীভাবে মারা যাবেন, তা সৃষ্টিকর্তাই জানেন। তবে সমাজে অসংহতি বা অসামাজিক কাজের বিরুদ্ধে দাঁড়িয়ে মৃত্যুবরণ করাই ভালো। এতে জান্নাত পাওয়া যেতে পারে। সমাজে অন্যায়-অনিয়ম ও অসংগতি প্রতিরোধে সবাইকে সাহসের সঙ্গে এগিয়ে আসতে হবে।
সভায় যুক্তরাজ্যপ্রবাসী রেহান মোল্লার সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল করিম রাজা। এ সময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাইরুল নেছা, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।