অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে মারধরের অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে মারধরের অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে
ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সার্জেন্ট এ বি এম জালাল উদ্দিন। ছবি: এশিয়া পোস্ট

জমির মাটি বিক্রি করতে রাজি না হওয়ায় কুমিল্লার সদর দক্ষিণে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে মারধর, নগদ টাকা ছিনতাই এবং ফাঁকা চেক ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি কর্মীদের বিরুদ্ধে।

Advertisement

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সার্জেন্ট এ বি এম জালাল উদ্দিন এ অভিযোগ করেন। এর আগে, সোমবার দুপুরে উপজেলার সুয়াগাজী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে জালাল উদ্দিন বলেন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির কর্মী সেলিম মিয়া ও আনোয়ার হোসেন আমার নিজস্ব জমির মাটি বিক্রির জন্য দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল। আমি রাজি না হওয়ায় সোমবার দুপুর ১২টার দিকে সুয়াগাজী বাজারে ব্যক্তিগত কাজে গেলে তারা আমাকে পূর্বপরিকল্পিতভাবে একটি খাবারের দোকানে তুলে নিয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে আমার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং একটি ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও একাধিক ফাঁকা চেকে জোরপূর্বক স্বাক্ষর নেয়।

তিনি আরও বলেন, হামলার পর স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শেষে আজ থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমি দীর্ঘদিন সেনাবাহিনীতে সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। অবসরের পর নিজ এলাকায় এমন নির্যাতনের শিকার হবো, তা কখনো ভাবিনি। আমি প্রশাসনের কাছে দ্রুত ন্যায়বিচার ও জড়িতদের গ্রেপ্তার দাবি করছি।

হামলার অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বিএনপি কর্মী সেলিম মিয়া বলেন, আমরা এই মারধরের ঘটনার সঙ্গে জড়িত নই। ঘটনার সময় আমরা কেউ ঘটনাস্থলে ছিলাম না।

পশ্চিম জোড়কানন ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত আলী এশিয়া পোস্টকে বলেন, অভিযোগে যাদের নাম এসেছে, তারা বিএনপির কর্মী। কেউ অন্যায় করলে প্রশাসন যেন নিরপেক্ষভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়। কোনো অন্যায়কারীর দলে স্থান নেই।

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, লিখিত অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় :কুমিল্লা