logo
Advertisement

গোপালগঞ্জে বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলেরও

এশিয়া পোস্ট নিউজ,গোপালগঞ্জ
গোপালগঞ্জে বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলেরও
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: এশিয়া পোস্ট

গোপালগঞ্জে ধানের জমিতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড় ১১টার দিকে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চর বড়ফা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চর বড়ফা গ্রামের মৃত শামসু খাঁর ছেলে এনায়েত খাঁ (৪০) এবং তার ১২ বছর বয়সি ছেলে মেহেদী হাসান খাঁ। মেহেদী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। বৃহস্পতিবার দুপুর দেড়টায় তার বিদ্যালয়ের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে এনায়েত খাঁ ধানের জমিতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিতে যান। সেখানে কাজ করার একপর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। দূর থেকে বাবাকে ছটফট করতে দেখে বাঁচাতে এগিয়ে যায় ছেলে মেহেদী। বাবাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে সে-ও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরবর্তীকালে পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে পিতা-পুত্র দুজনকেই মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও পুরো গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।