বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল রাকিবুলের মরদেহ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হওয়া মো. রাকিবুল (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বেড়াচকি এলাকার একটি সরকারি পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
নিহত রাকিবুল নাচোল ইউনিয়নের দিঘীপাড়া গ্রামের মো. আবদুল বাসেদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাতটার দিকে রাজবাড়ীহাট বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রাকিবুল। এরপর রাতে আর বাড়ি ফেরেননি তিনি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার খোঁজ না পেয়ে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বেড়াচকি এলাকার একটি সরকারি পুকুরে রাকিবুলের মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, খবর পেয়ে পুলিশ রাকিবুলের বাড়িতে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

