logo
Advertisement

যশোরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে স্কুলশিক্ষক ছেলে গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ,যশোর
যশোরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে স্কুলশিক্ষক ছেলে গ্রেপ্তার
মামুনুর রশিদ। ছবি: এশিয়া পোস্ট

যশোরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে মামুনুর রশিদ (৪৩) নামে এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডের প্রায় ১৭ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে যশোর সদর উপজেলার ৮ নম্বর দেয়াড়া ইউনিয়নের তেঘরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই যশোরের একটি আভিযানিক দল।

গ্রেপ্তার মামুনুর রশিদ যশোরের ঝিকরগাছার লাউজানি এন এম মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক।

পিবিআইয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে কোতোয়ালি থানার বাজেদুর্গাপুর এলাকায় নিজ বাড়িতে যান মামুনুর রশিদ। এ সময় তার মা আনোয়ারা খাতুনের সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে মামুনুর রশিদ রান্নাঘরের ধারালো বটি দিয়ে মায়ের ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তার মা ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই মামুনুর রশিদ পালিয়ে যান এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ করে দেন।

পুলিশ জানায়, মামুনুর রশিদের দুই স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পেছনে তিনি তার মাকেই দায়ী মনে করতেন। এ নিয়ে মায়ের সঙ্গে তার প্রায়ই বিরোধ হতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মামুনুর রশিদ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পিবিআই।

ঘটনার পর কোতোয়ালি মডেল থানায় নিহতের আরেক ছেলে মঞ্জুর হাসান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পিবিআই যশোর স্বপ্রণোদিত হয়ে মামলাটির তদন্তভার গ্রহণ করে।

পিবিআই যশোরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের ১৭ ঘণ্টার মধ্যে মামুনুর রশিদকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পিবিআই।

আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় :