চাঁদপুরে ২৫ জেলে আটক, নৌকাসহ জাল ও মাছ জব্দ

চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরার অভিযোগে ২৫ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এসময় পাঁচটি মাছ ধরার নৌকা, ১৫ হাজার মিটার জাল ও ৮০ কেজি মাছ জব্দ করা হয়।
শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন এশিয়া পোস্টকে জানান, গত ২৪ ঘণ্টায় মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে ২৫ জেলেকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ১১ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৪ জনের বিরুদ্ধে নৌ পুলিশের পক্ষ থেকে নিয়মিত মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযানে জব্দ করা মাছ স্থানীয় কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণ এবং ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নদীতে অভিযান অব্যাহত থাকবে। মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার পাশাপাশি জেলেদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
