অ্যাবাকাস চ্যাম্পিয়ন জুবায়ের এবার লড়বেন যুক্তরাষ্ট্রে

১৮তম ন্যাশনাল অ্যাবাকাস প্রতিযোগিতায় গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় জুবায়ের আল হাদি আযান। এই সাফল্যের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ডওয়াইড অ্যাবাকাস প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে সে।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে হয়। এ প্রতিযোগিতায় জুবায়ের মাত্র পাঁচ মিনিটে ৮০টি কঠিন অঙ্কের মধ্যে ৭৯টির সঠিক উত্তর দিয়ে প্রথম স্থান অর্জন করে। মানসিকভাবে কল্পিত অ্যাবাকাস ব্যবহার করে দ্রুততার সঙ্গে অঙ্ক সমাধানের তার এই দক্ষতা বিচারকদেরও মুগ্ধ করেছে।
সংশ্লিষ্টরা জানান, সাধারণত যেখানে অনেকেই মৌলিক গণনায় সীমাবদ্ধ থাকে, সেখানে অ্যাবাকাস প্রতিযোগীরা জটিল সমীকরণও অত্যন্ত দ্রুত সমাধান করতে সক্ষম। আযানের এই পারফরম্যান্স নতুন প্রজন্মের মেধা ও সম্ভাবনার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এই সাফল্যের ধারাবাহিকতায় আযান এখন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ডওয়াইড অ্যাবাকাস প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
জুবায়ের আল হাদি আযানের বাবা মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের বাসিন্দা আদিলুর রহমান আদিলে। তার বাবা তন্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। ছেলের এই সাফল্যে আনন্দিত আদিলুর রহমান বলেন, ‘ছেলের এই অর্জনে আমরা গর্বিত। সবার কাছে তার জন্য দোয়া চাই, যাতে আন্তর্জাতিক পর্যায়েও সে ভালো করতে পারে।’
এদিকে আযানের এই অর্জনে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। সংশ্লিষ্টদের আশা, আন্তর্জাতিক অঙ্গনেও সে দেশের মুখ উজ্জ্বল করবে।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল অ্যাবাকাস ক্লাসিক (IAC) ওরেগনের পোর্টল্যান্ডে অনুষ্ঠিত হবে। এটি একটি বার্ষিক আন্তর্জাতিক ইভেন্ট যা বিশ্বের বিভিন্ন স্থান থেকে অ্যাবাকাস প্রেমী এবং শিক্ষার্থীদের একত্রিত করে। এই প্রতিযোগিতায় দ্রুততা এবং নির্ভুলতার মাধ্যমে মানসিক গণনার দক্ষতা প্রদর্শন করা হয়। এ ছাড়াও ইন্টারন্যাশনাল অ্যাবাকাস ওয়ার্ল্ড কাপ (IAWC) ২০২৬-এর মতো অন্যান্য বৈশ্বিক প্রতিযোগিতা জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা শিশুদের বিশ্বমঞ্চে গাণিতিক দক্ষতা প্রদর্শনের সুযোগ দেয়।