ফেসবুক পোস্ট দিয়ে দরবারে হামলা, গণপিটুনিতে ‘পীর’ নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমননার অভিযোগ তুলে এক ‘পীরের’ আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে ওই দরবারের ‘পীর’ নিহত হয়।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলাম গ্রামের গোলাম-এ-বাবা কালান্দার জাহাঙ্গীর দরবারে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান ওরফে শামীম (৭০) উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর এলাকার মৃত জেসের মাস্টারের ছেলে।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তৌহিদুল হাসান তুহিন এশিয়া পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শামীমের একটি পুরোনো ভিডিও শুক্রবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এরপর বিক্ষুব্ধ একদল মানুষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করে তার দরবারে হামলা চালায়। এর আগে সকাল থেকেই বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের আগেই হামলা ও ভাঙচুর শুরু হয়।
এ সময় দেশীয় অস্ত্রসজ্জিত নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে শামীকে পিটিয়ে আহত করেন তারা। পরে পুলিশ আহত শামীমকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, এ ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে দৌলতপুর-ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, আহত শামীমকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।


