logo

বাগেরহাটের ৪টি আসনে ৪০৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

বাগেরহাটের ৪টি আসনে ৪০৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের মোট ৫৪৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৪০৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ১৮৬টি ভোটকেন্দ্রকে উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ, ২২৩টি ঝুঁকিপূর্ণ এবং ১৩৮টি কেন্দ্রকে সাধারণ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে।

নির্বাচনকে সামনে রেখে জেলার সব ভোটকেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ইতোমধ্যে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বাগেরহাটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, চারটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে, যার মধ্যে ৩ জন সশস্ত্র থাকবে। পাশাপাশি সশস্ত্র পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন।

তিনি আরও বলেন, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও র‍্যাব সদস্যরাও মাঠে দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম বলেন, সিসি ক্যামেরা স্থাপনের ফলে পুরো ভোটকেন্দ্র নজরদারির আওতায় এসেছে। এতে নির্বাচনসংশ্লিষ্টরা ভোটগ্রহণ প্রক্রিয়া সহজে পর্যবেক্ষণ করতে পারবেন এবং সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে বাগেরহাটের চারটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২৩ জন প্রার্থী এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।