ভারতীয় সেই নারীকে পুলিশে দিল বিজিবি

ভারতীয় নাগরিক রেশমা ও তার সন্তানকে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলায় পুলিশে সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৮ জুলাই) বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভারতীয় ওই নারী ও তার শিশুসন্তান বর্তমানে পুলিশ হেফাজতে আছে। তাদের যশোর আদালতে পাঠানো হবে।
এদিকে রেশমা খাতুন জানান, তিনি ভারতের স্থায়ী বাসিন্দা। সেখানে তার স্বামী ও তিন সন্তান রয়েছে। ভারতের মুম্বাইয়ের একটি কারখানায় কাজ করার সময় পুলিশ তাকেসহ আরও কয়েকজনকে আটক করে। তিনি বারবার নিজেকে ভারতীয় নাগরিক বলে পরিচয় দিলেও পুলিশ তা আমলে নেয়নি। পরবর্তীতে তাকে অন্যদের সঙ্গে বিমানে করে কলকাতায় নিয়ে আসা হয়। সেখান থেকে গভীর রাতে সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পুশইন (পুশব্যাক) করে।
বাংলাদেশে রেশমার কোনো আত্মীয়স্বজন বা পরিচিত কেউ না থাকায় তিনি চরম বিপাকে পড়েন। পরে স্থানীয় পথচারীরা তাকে মানবিক সহায়তার অংশ হিসেবে বাসে তুলে বেনাপোলে পাঠিয়ে দেন।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে এই পুশইন প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, শুধু ভারতে দীর্ঘ বছর ধরে অবস্থানরত বাংলাদেশি নাগরিকই নয়, ভারতীয় অনেক নাগরিককেও বাংলাদেশি পরিচয় দিয়ে জোরপূর্বক সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। ভুক্তভোগী রেশমা ও তার সন্তানও এমন অমানবিক ঘটনার শিকার বলে ধারণা করা হচ্ছে।
.png)





