logo

ধর্ষণচেষ্টার মামলায় সাবেক কাউন্সিলর হাসিবুল গ্রেপ্তার

ধর্ষণচেষ্টার মামলায় সাবেক কাউন্সিলর হাসিবুল গ্রেপ্তার

জয়পুরহাটের সদর উপজেলায় ধর্ষণচেষ্টা মামলার আসামি ক্ষেতলাল পৌরসভার সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান সরদারকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার বম্বু ইউনিয়নের ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) র‌্যাব-৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

গ্রেপ্তার হাসিবুর রহমান সরদার ক্ষেতলাল উপজেলার বুড়াইল সরদার পাড়া এলাকার বাসিন্দা। তিনি ক্ষেতলাল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।

র‌্যাব জানায়, গ্রেপ্তার হাসিবুর রহমান সরদার ভুক্তভোগী নারীর প্রতিবেশী। স্বামী দীর্ঘদিন বিদেশে থাকায় ওই নারীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন তিনি। এ নিয়ে আগে স্থানীয়ভাবে সালিশ হয়। সালিশে তিনি এ ধরনের আচরণ থেকে বিরত থাকার অঙ্গীকার করেছিলেন।

অভিযোগ রয়েছে, গত ১৭ এপ্রিল বিকেলে ভুক্তভোগী বাড়ির উঠানে অবস্থান করছিলেন। এ সময় আসামি বাড়িতে ঢুকে তাকে শ্লীলতাহানির চেষ্টা করেন এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামি পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী ক্ষেতলাল থানায় মামলা করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়।

র‌্যাব ৫-এর পক্ষ থেকে জানানো হয়, মামলার তদন্ত কর্মকর্তার অনুরোধে আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ক্ষেতলাল থানায় হস্তান্তর করা হয়েছে।