ধর্ষণচেষ্টার মামলায় সাবেক কাউন্সিলর হাসিবুল গ্রেপ্তার

জয়পুরহাটের সদর উপজেলায় ধর্ষণচেষ্টা মামলার আসামি ক্ষেতলাল পৌরসভার সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান সরদারকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার বম্বু ইউনিয়নের ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৭ এপ্রিল) র্যাব-৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।
গ্রেপ্তার হাসিবুর রহমান সরদার ক্ষেতলাল উপজেলার বুড়াইল সরদার পাড়া এলাকার বাসিন্দা। তিনি ক্ষেতলাল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
র্যাব জানায়, গ্রেপ্তার হাসিবুর রহমান সরদার ভুক্তভোগী নারীর প্রতিবেশী। স্বামী দীর্ঘদিন বিদেশে থাকায় ওই নারীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন তিনি। এ নিয়ে আগে স্থানীয়ভাবে সালিশ হয়। সালিশে তিনি এ ধরনের আচরণ থেকে বিরত থাকার অঙ্গীকার করেছিলেন।
অভিযোগ রয়েছে, গত ১৭ এপ্রিল বিকেলে ভুক্তভোগী বাড়ির উঠানে অবস্থান করছিলেন। এ সময় আসামি বাড়িতে ঢুকে তাকে শ্লীলতাহানির চেষ্টা করেন এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামি পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী ক্ষেতলাল থানায় মামলা করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়।
র্যাব ৫-এর পক্ষ থেকে জানানো হয়, মামলার তদন্ত কর্মকর্তার অনুরোধে আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ক্ষেতলাল থানায় হস্তান্তর করা হয়েছে।