চট্টগ্রাম মহানগর এনসিপির কমিটি ঘোষণা, গণপদত্যাগের ডাক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) রাত ১০টায় দলের অফিসিয়াল ফেসবুক পেজে মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দিনকে সদস্য সচিব করে ১৬৯ সদস্যের এই কমিটি প্রকাশ করা হয়।
তবে কমিটি ঘোষণার পরপরই দলের ভেতরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। নবঘোষিত কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে গণপদত্যাগের ঘোষণা দিয়েছেন একাংশের নেতাকর্মীরা।
কমিটি ঘোষণার দেড় ঘণ্টার মাথায় রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের ডাক দেন পদবঞ্চিত ও ক্ষুব্ধ নেতারা।
সদ্য ঘোষিত কমিটির দপ্তর সম্পাদক ও সাবেক যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ রাফসানজানি অভিযোগ করেন, অর্থের বিনিময়ে এই কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, এটি দপ্তর সম্পাদক হিসেবে এই পকেট কমিটির বিরুদ্ধে আমার প্রথম ও শেষ সংবাদ সম্মেলন। আমরা রাজনীতি ধ্বংসের এই পাঁয়তারার বিরুদ্ধে গণপদত্যাগ করছি।
এনসিপি নেতা আরফাত আহমেদ রনি অভিযোগ করেন, দীর্ঘদিনের ত্যাগী কর্মীদের বাদ দিয়ে ৭০ শতাংশ নতুন মুখ আনা হয়েছে। এমনকি কক্সবাজারের লোকজনকে এনে চট্টগ্রাম মহানগরের কমিটিতে রাখা হয়েছে।
শুরু থেকে আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার পরও অনেক সক্রিয় নেতার নাম তালিকায় নেই বলে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
নতুন কমিটির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমে সবার সহযোগিতা চেয়ে বলেন, জুলাইয়ের শহীদ ও আহতদের রক্তের ঋণ শোধ করার শক্তি আল্লাহ আমাদের দিন। পুরোনো ব্যবস্থা ভেঙে এনসিপি যে নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।
