তালাবন্ধ ঘরে ব্যবসায়ীর মরদেহ, গলায় প্যাঁচানো চার্জারের তার

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় তালাবন্ধ ঘর থেকে গলায় মোবাইলের চার্জারের তার প্যাঁচানো অবস্থায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইমরান মোড়ল (৩০) উপজেলার বাঘড়া ইউনিয়নের মধ্য বাঘড়া এলাকার বেপারী বাড়ির মানিক মোড়লের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ দিন ধরে ইমরানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিনি বাড়ির একটি কক্ষে একাই বসবাস করতেন। তার বাবা প্রবাসে, মা ছিলেন মেয়ের বাড়িতে এবং স্ত্রী অবস্থান করছিলেন বাবার বাড়িতে। শুক্রবার সন্ধ্যায় ইমরানের চাচা জহির মোড়ল বাড়িতে গিয়ে ঘরটি বাইরে থেকে তালাবন্ধ দেখতে পান। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে মেঝেতে গলায় মোবাইলের চার্জারের তার প্যাঁচানো অবস্থায় ইমরানকে পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এ বিষয়ে শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত এশিয়া পোস্টকে বলেন, গলায় তার প্যাঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।