logo

বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে প্রাণ গেল নাজিমের

বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে প্রাণ গেল নাজিমের
নাজিম উদ্দিন। ছবি : এশিয়া পোস্ট

সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের হামলায় এক যুবক নিহত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর পৌরসভার লুদরপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

নিহত নাজিম উদ্দিন (৪৫) লুদরপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার নাজিম উদ্দিনের ছোট বোনের বিয়ে হয়। বিয়ের দাওয়াত নিয়ে চাচাতো ভাই মাসুম মিয়ার পরিবারের সঙ্গে মনোমালিন্য দেখা দেয়। শনিবার সকালে ওই বিয়ের দাওয়াত দিয়ে নাজিম উদ্দিন তার চাচাতো ভাই মাসুম মিয়ার বাড়িতে গেলে উভয়ের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে মাসুম ও তার ভাইয়েরা মিলে নাজিম উদ্দিনের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে নাজিম উদ্দিন গুরুত্বর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নাজিম উদ্দিনের বোন সাজিয়া বেগম অভিযোগ করে বলেন, মাসুমের নেতৃত্বে ৭-৮ জন দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে আমার ভাই ওপর হামলা করে তাকে হত্যা করেছে। আমি তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, নাজিম উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। তার শরীরের একাধিক স্থানে গভীর আঘাতের চিহ্ন রয়েছে।

জগন্নাথপুর থানার এস.আই ওমর ফারুক বলেন, খবর পেয়ে নিহত নাজিম উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।