সাভারে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

সাভারের ভাকুর্তা ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ এলাকায় মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মিছিলের ব্যানার এবং চারটি হাইয়েস গাড়ি ও সাতটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বুধবার (১৪ই জুলাই) সাভার মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি তদন্ত) নুর আলম এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মাইক্রোবাস এবং ৫০ থেকে ৬০টি মোটরসাইকেল যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী মিরপুর গাবতলী ব্রিজ হয়ে সাভারের ভাকুর্তা (ভাঙ্গা ব্রিজ) এলাকায় জড়ো হন। সেখানে তারা একটি বড় ধরনের ঝটিকা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন।
পরে পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সহায়তায় ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করা হয়। এ সময় চারটি হাইয়েস গাড়ি ও সাতটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) নুর আলম জানান, আটককৃতদের নাম, ঠিকানা ও দলীয় পদবি যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত হচ্ছে। যাচাই-বাছাই শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।





