পুলিশের থেকে ছিনিয়ে নেওয়া আ.লীগ নেতা ৩০ ঘণ্টা পর গ্রেপ্তার

ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা কবির খাঁকে (৫৫) ৩০ ঘণ্টা পর গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঢাকার দোহার উপজেলার হরিচন্ডি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, মঙ্গলবার সকালের দিকে চরভদ্রাসনের চর সালেপুর মুন্সিরচর বাজার এলাকা থেকে গ্রেপ্তারের পর ৫ পুলিশের ওপর হামলা চালিয়ে কবিরকে ছিনিয়ে নেয় তার স্বজন ও অনুসারীরা।
কবির খান চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এলাকায় তিনি ‘ভূমিদস্যু’ হিসেবে বিশেষভাবে পরিচিত। তার বিরুদ্ধে স্থানীয় থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ আগের দুটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক খানের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার দোহার থানা পুলিশের সহায়তায় বুধবার দুপুরে হরিচন্ডি গ্রামে অভিযান চালায়। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা এনামুল হক খান জানান, কবির খানের বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে আগে থেকেই দুটি মামলা ছিল। পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানার আরও একটি মামলা হয়েছে। নতুন ওই মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ বিষয়ে চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) রফিকুজ্জামান জানান, কবির খান এলাকায় ভূমিদস্যু নামে পরিচিত। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা। তাকে গ্রেপ্তারের পর বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।