সুদের টাকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ফের সংঘর্ষ, আহত ২০

এশিয়া পোস্ট নিউজ, ব্রাহ্মণবাড়িয়া
সুদের টাকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ফের সংঘর্ষ, আহত ২০
সুদের টাকা নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ। ছবি: এশিয়া পোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামের বাসিন্দা। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

Advertisement

মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টায় উপজেলার কালিকচ্ছ বাজারে সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজনের মধ্যে দফায় দফায় এই সংঘর্ষ হয়।

সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের বেশ কয়েকটি দোকানপাট ও ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ছাড়া সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের মো. খাদিমের কাছে সুদের ১ লাখ টাকা পাওনা আছেন বলে দাবি করেন। খাদিম ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে গত রোবাবর রাতে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে খাদিম নিহত হন। এরপর গতকাল (সোমবার) বিকেলে নিহত খাদিমের জানাজা শেষে আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা ওই সংঘর্ষে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াসহ অন্তত ২৫ জন আহত হন। সেই ঘটনার জের ধরে আজ মঙ্গলবার সকালে ফের সংঘর্ষে লিপ্ত হয় দুই গ্রামবাসী।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, থেমে থেমে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।