তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটের সামনে পদ্মায় যাত্রীবাহী বাসডুবির ঘটনায়
তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের সমন্বয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
স্থানীয় ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুর্ঘটনার পর থেকেই টানা অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। তৃতীয় দিনেও ডুবুরি দল নদীর তলদেশে তল্লাশি চালানোর পাশাপাশি স্পিডবোটের সাহায্যে আশপাশের বিস্তীর্ণ এলাকায় খোঁজ করছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, সময় যত গড়াচ্ছে ততই মরদেহ ভেসে যাওয়ার আশঙ্কা বাড়ছে। এ কারণে নদীর আশপাশের বিভিন্ন পয়েন্টে বিশেষ নজরদারি রেখে অনুসন্ধান জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।