চট্টগ্রাম বন্দরে কোটি টাকার কনটেইনার পাচার, দুই কর্মচারী গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দর থেকে কাপড়বোঝাই কনটেইনার পাচারের ঘটনায় দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২০ মে) রাতে অভিযান চালিয়ে মিজানুর রহমান ও আবু সুফিয়ান নামের ওই দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম জানান, মিজানুর বন্দরে উচ্চমান বহিঃসহকারী ও সুফিয়ান কিপ ডাউন এসসি-১৮৮ পদে কর্মরত।
এজাহার সূত্রে জানা যায়, গাজীপুরের মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেড চীন থেকে কাপড় আমদানি করেছিল। গত বছরের ৪ আগস্ট থেকে চলতি বছরের ২ এপ্রিলের মধ্যে কোনো একসময়ে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে টিসিএলইউ৮৫৫৭৩০৪ নম্বরের ৪০ ফুটের এই কনটেইনারটি চুরি হয়। কনটেইনারটিতে কয়েক কোটি টাকার কাপড় ছিল।
কনটেইনারটি বন্দরে পৌঁছানোর পর বার্থ অপারেটর বশির আহম্মদের মাধ্যমে জাহাজ থেকে খালাস করে জে আর ইয়ার্ডে রাখা হয়েছিল। পরে সিঅ্যান্ডএফ এজেন্ট এস জামান অ্যান্ড ব্রাদার্স (প্রা.) লিমিটেড শুল্ককর পরিশোধ করে কনটেইনারটি ডেলিভারি নিতে গেলে ইয়ার্ডে সেটি খুঁজে পাওয়া যায়নি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম জানান, তদন্তে বন্দরের ওই দুই কর্মচারীর সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়। কনটেইনার পাচারের ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
