logo

বগুড়ায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র আটক

বগুড়ায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র আটক
প্রতীকী ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

বগুড়ায় বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক আবু রায়হানকে মারধরের ঘটনায় অভিযুক্ত সপ্তম শ্রেণির ছাত্র রিয়াদ ইসলাম কিরনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে শহরের চারমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী। ওসি ইব্রাহীম আলী এশিয়া পোস্টকে বলেন, চারমাথা এলাকায় অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সামনে শিক্ষক আবু রায়হানের ওপর হামলার ঘটনা ঘটে। ক্লাসে অতিরিক্ত দুষ্টুমি করায় রিয়াদকে সতর্ক করেছিলেন ওই শিক্ষক। একই সঙ্গে তার অভিভাবককে বিদ্যালয়ে নিয়ে আসতে বলেছিলেন তিনি। এর জের ধরে ওই ছাত্র শিক্ষকের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

লাঠির আঘাতে আবু রায়হানের থুতনি কেটে যায়। সেখানে আটটি সেলাই দিতে হয়েছে। তার ঘাড়েও গুরুতর জখম হয়েছে। ঘটনার পর শিক্ষার্থীরা বিক্ষোভ করে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত ছাত্রকে বাধ্যতামূলক ছাড়পত্র (টিসি) দিয়ে বহিষ্কার করে। এ ঘটনায় থানায় অভিযোগও করা হয়।