logo

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে জেএসএসের সদস্য নিহত

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে জেএসএসের সদস্য নিহত

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সেনাবাহিনীর অভিযানে জেএসএসের সশস্ত্র সদস্য নিহত হয়েছে। অভিযান শেষে ঘটনাস্থল থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, অভিযানের সময় সশস্ত্র সদস্যরা অবৈধভাবে চাঁদা আদায়ে লিপ্ত ছিল। টহল দল তাদের শনাক্ত করলে জেএসএস (মূল) সদস্যরা পালানোর চেষ্টা করে এবং এক পর্যায়ে সেনাবাহিনীর ওপর গুলি বর্ষণ করে। জবাবে সেনাসদস্যরা পাল্টা গুলি ছুড়ে তাদের ধাওয়া করে। ধাওয়ার একপর্যায়ে সন্ত্রাসীরা একটি স্কুলঘরে আশ্রয় নেওয়ার চেষ্টা করে এবং পরে সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ইউনিফর্ম পরিহিত হ্লামংনু মার্মা নামের এক সশস্ত্র জেএসএস (মূল) সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তার কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। আহত অবস্থায় তাকে পুলিশের সহায়তায় দ্রুত বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে ১টি সাবমেশিনগান (এসএমজি), ১৪৩ রাউন্ড এসএমজি অ্যামোনিশন, ১৪ রাউন্ড পিস্তলের অ্যামোনিশন, ৫ রাউন্ড ব্ল্যাঙ্ক অ্যামোনিশন, ২টি ম্যাগাজিনসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনাবাহিনী আরও জানায়, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির এশিয়া পোস্টকে বলেন, রোয়াংছড়ি উপজেলার মুরুঙ্গ বাজার এলাকায় সেনাবাহিনীর সঙ্গে জেএসএসের গোলাগুলির ঘটনা ঘটে। এতে জেএসএসের এক সদস্য আহত হলে তাকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।