Advertisement

জন্মদিন উদযাপন শেষে ফেরার পথে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

এশিয়া পোস্ট নিউজ, ময়মনসিংহ
জন্মদিন উদযাপন শেষে ফেরার পথে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
নাহিয়ান রবিন। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় নাহিয়ান রবিন নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) রাতে উপজেলার পৌর শহরের মাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

নিহত রবিন (২৪) গফরগাঁও পৌর এলাকার শিলাসী গ্রামের রাজমিস্ত্রির সহযোগী মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে ডাকবাংলো চত্বরে বন্ধুদের সঙ্গে জন্মদিনের কেক কাটেন রবিন। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ১২টার দিকে বন্ধু শাকিবুল হাসান মাসুমের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে মাজার রোড মোড়ে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৬-৭ জন মুখোশধারী তাদের গতিরোধ করে। সেখানে ওই দুর্বৃত্তরা আগে থেকেই মুখে গামছা বেঁধে অবস্থান করছিল।

দুর্বৃত্তরা প্রথমে রবিন ও মাসুমের চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এতে তারা দিশেহারা হয়ে পড়লে হামলাকারীরা রবিন ও শাকিবুলকে এলোপাতাড়ি পেটাতে থাকে। সুযোগ পেয়ে সেখান থেকে শাকিবুল দৌড়ে পালান। পরে রবিনকে রড দিয়ে পেটানোর পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় সেখানে রবিনকে ফেলে পালায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা রবিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে মারা যান রবিন।

রবিনের বন্ধু শাকিবুল হাসান মাসুম বলেন, আমরা জন্মদিনের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলাম। হঠাৎ কয়েকজন অস্ত্রধারী আমাদের পথরোধ করে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। কিছু বুঝে ওঠার আগেই তারা হামলা চালায়। আমি কোনোমতে পালিয়ে বাঁচলেও ওরা রবিনকে কুপিয়ে হত্যা করেছে। কিন্তু হামলাকারী কারা এবং কী কারণে এ হামলা করেছে, তা আমি জানি না।

নাহিয়ানের চাচা নজরুল ইসলাম বলেন, রবিন আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তবে কোনো পদ-পদবি নেই এবং এলাকাতেই অবস্থান করতেন। রাজনৈতিক কোনো বিরোধ থেকে তাকে টার্গেট করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

একমাত্র ছেলেকে হারিয়ে শোকাহত বাবা মোফাজ্জল হোসেন। তিনি বলেন, ‘সন্ত্রাসীরা আমার বুক খালি করে দিয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার চাই, তাদের উপযুক্ত বিচার চাই।’

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সারর্কেল) মনতোষ বিশ্বাস বলেন, রাজনৈতিক বিরোধ থেকে এ হত্যার ঘটনা কি না, তা এখনও নিশ্চিত নই। তবে ঘটনাটির তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

বিষয় :