বরিশালে শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

বরিশালে শিশু ধর্ষণ মামলায় আলমগীর সিকদার নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ধর্ষণে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসনের কাছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে আদালতের বিচারক আশরাফ উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আলমগীর সিকদার (৫২) বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব কেসবকাঠি গ্রামের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম শামসুল হক জানিয়েছেন, ভুক্তভোগী শিশুটি আসামি আলমগীরের বাড়িতে আসা-যাওয়া করত। ২০২৩ সালের ৩ মার্চ নবম শ্রণির ওই মাদ্রাসাছাত্রী আলমগীরের বাসায় যায়। বাসায় কেউ না থাকায় শিশুটিকে ধর্ষণ করেন আলমগীর। পরে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় জন্ম নেওয়া শিশুর বর্তমান বয়স তিন বছর।
এ ঘটনায় ২০২৩ সালের ২১ মে শিশুটির বাবা উজিরপুর থানায় মামলা করেন। ২০২৪ সালের ৩১ মে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে আলমগীরকে একমাত্র আসামি করে চার্জশিট দেন। ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই রায় দেন।
একই সঙ্গে ভুক্তভোগী ও তার গর্ভে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের দায়িত্ব জেলা প্রশাসনকে দেওয়া হয়।





