তাহিরপুরে সমসার হাওরে বাঁধ উপচে পানি ঢুকছে

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সমসার হাওরে পাটলাই নদীর পানি উপচে হাওরে প্রবেশ করছে ।
শনিবার (২ মে) বিকেল থেকে হাওরের বিভিন্ন অংশে পানি ঢুকতে শুরু করে।
স্থানীয়রা জানান, পানির চাপে হাওরপাড়ের সোনাপুর, কলাগাঁও ও লামাচাটা গ্রামের নিচু জমিতে পানি প্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে। এতে প্রায় ৫০ থেকে ৬০ হেক্টর জমির ধান তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
কলাগাঁও গ্রামের বাসিন্দা নজির হোসেন বলেন, বৃষ্টির কারণে আগেই হাওরের অনেক জমি পানির নিচে ছিল। এখন পানি উন্নয়ন বোর্ডের বাঁধ উপচে পানি ঢুকছে। হাওরের উঁচু অংশের তিনটি গ্রামের ফসল ঝুঁকিতে পড়েছে।
তবে উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তারা বলছেন, এ হাওরের বোরো ধান ইতোমধ্যে কাটা শেষ হয়েছে। ফলে ফসলের কোনো ক্ষতির আশঙ্কা নেই।
তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, সমসার হাওরে প্রায় ২০০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছিল। সব ধান ইতোমধ্যে কাটা শেষ হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, পাহাড়ি ঢলে পাটলাই নদীর পানি উপচে সমসার হাওরে পানি ঢুকছে। তবে এতে ফসলের ক্ষতির কোনো সম্ভাবনা নেই, কারণ সব ধান কাটা হয়ে গেছে। এ হাওরে বোরো ফসল রক্ষার কোনো বাঁধও নির্মাণ করা হয়নি।