logo

চুয়েটের সংকট নিরসনের দাবিতে কাপ্তাই সড়ক অবরোধ

চুয়েটের সংকট নিরসনের দাবিতে কাপ্তাই সড়ক অবরোধ
চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: এশিয়া পোস্ট

উপাচার্যকে ঘিরে চলমান সংকট ও প্রশাসনিক অচলাবস্থা নিরসনের দাবিতে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সোয়া ৪টায় তারা সড়ক অবরোধ করেন। এ সময় সংকট সমাধানে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা।

Advertisement

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিকেল সোয়া ৪টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে আধা ঘণ্টা পর অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

অবরোধ প্রত্যাহারের পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষকদের আবাসিক এলাকায় গিয়ে শেষ হয়।

এর আগে, বুধবার (২৫ নভেম্বর) রাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এক আলোচনা সভা থেকে ২৬ নভেম্বর থেকে পুনরায় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করা হয়। শাটডাউন চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন তারা। ওই রাতেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন।

যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, গত দুই মাস ধরে চুয়েটের চলমান আন্দোলনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। কিন্তু সংকট সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তাই স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সব ব্যাচের সম্মতিক্রমে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হচ্ছে।

কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ২টায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। একই দিন বিকেল ৩টায় চুয়েটের উপাচার্য ইস্যুতে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কমিটির সদস্যরা সংবাদ সম্মেলন করেন।

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই ক্যাম্পাসে অচলাবস্থার সূত্রপাত হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনে টানা ৩৬ দিন বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা চলার পর গত ২৮ অক্টোবর একাডেমিক কার্যক্রম শুরু হয়েছিল। তবে সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় প্রায় এক মাস পর আবারও কঠোর কর্মসূচিতে ফিরেছেন শিক্ষার্থীরা।