logo

জমি নিয়ে বিরোধ, বিধবা নারীর ধান কেটে নিলেন প্রতিপক্ষ

জমি নিয়ে বিরোধ, বিধবা নারীর ধান কেটে নিলেন প্রতিপক্ষ
বিধবা নারীর রোপণ করা আমন ধান কেটে নেওয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। ছবি : এশিয়া পোস্ট

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি দখলের উদ্দেশ্যে এক বিধবা নারীর আমন ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী লাভলী বেগম (৩৮)। তার অভিযোগ, ধান কাটতে বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ধাওয়া করেন অভিযুক্তরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী লাভলী বেগম উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম সোনারায় গ্রামের মৃত ফয়জার রহমানের স্ত্রী ও নয়াব উদ্দিনের মেয়ে।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৪ সেপ্টেম্বর ৭০০১ নম্বর দলিলমূলে সোনারায় মৌজায় ১৭ দশমিক ৫ শতক জমি কেনেন লাভলী বেগম। এরপর থেকে তিনি জমিটি ভোগদখল করে আসছেন। তবে জমির মালিকানা ও দখল নিয়ে প্রতিবেশী মৃত ইছিম উদ্দিনের ছেলে আব্দুল বারী ও আবুল কালামের সঙ্গে তার বিরোধ চলছে।

এ বিরোধের জেরে গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন লাভলী বেগম। একই জমি নিয়ে দেওয়ানি আদালতেও আরেকটি মামলা চলমান।

লাভলী বেগমের অভিযোগ, মামলাগুলো চলমান থাকায় গত সোমবার সকালে আব্দুল বারী ও আবুল কালাম ভাড়াটে লোকজন নিয়ে তার জমিতে প্রবেশ করেন। এ সময় তারা জমিতে আবাদ করা আমন ধান কেটে নিয়ে যান। এতে তার প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ধান কাটতে বাধা দিলে অভিযুক্তরা লাঠি ও কাস্তে উঁচিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেন এবং ধাওয়া করেন। পরে স্থানীয় কয়েকজন এগিয়ে এসে তাকে রক্ষা করেন।

এদিকে জমি নিয়ে বিরোধের ঘটনায় গত ২৪ আগস্ট গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত একটি আদেশ দেন। এতে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নালিশি জমিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সহকারী কমিশনারকে (ভূমি) জমির দখল বিষয়ে সুস্পষ্ট প্রতিবেদন দিতে বলা হয়। উভয় পক্ষকে আদালতে হাজির হয়ে জমিতে নিজ নিজ দখলের পক্ষে তথ্য-প্রমাণসহ লিখিত বক্তব্য দাখিলেরও নির্দেশ দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে আব্দুল বারী বলেন, বিরোধপূর্ণ জমি আমার পৈতৃক। ধান পাকার পর আমরা কেটেছি। লাভলী বেগম আমাদের নামে বারবার মামলা দিয়ে হয়রানি করছেন। তিনি আমাদের জমি দখলের চেষ্টা করছেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, ভুক্তভোগী ওই নারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।