নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা রাকিব স্থায়ী বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝালকাঠির নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব আহম্মেদকে ছাত্রদল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) রাতে ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন এবং সদস্য সচিব সাইদুল ইসলাম রনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকিব আহম্মেদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগ ওঠার পর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে তিনি অভিযোগের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন। এছাড়া তার কর্মকাণ্ডে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে জেলা ছাত্রদল মনে করে। এসব বিষয় বিবেচনায় নিয়ে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে ছাত্রদল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঝালকাঠি জেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রনি বলেন, নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব আহম্মেদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারিসহ বিভিন্ন বিষয়ে একাধিক অভিযোগ পাওয়া যায়। অভিযোগগুলো সাংগঠনিকভাবে পর্যালোচনা করা হয়েছে। কারণ দর্শানোর সুযোগ দেওয়া হলেও তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি। ফলে সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার্থে তার বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




