পদ্মা থেকে জব্দ দেড় শতাধিক চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের আওতায় শরীয়তপুরের ভেদরগঞ্জে পদ্মা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেড় শতাধিক অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
রোববার (২৬ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ভেদরগঞ্জ উপজেলার দুলারচর থেকে দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের বাঁশগাড়ি পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার নদী এলাকায় এ অভিযান চালানো হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে পরিচালিত অভিযানে কোস্টগার্ডের সদস্যরাও অংশ নেন।
অভিযানের সময় নদীতীরবর্তী বিভিন্ন স্থান থেকে জব্দ করা চায়না দুয়ারি জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় সাড় সাত লাখ টাকা বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চায়না দুয়ারি জাল মৎস্য ও জলজ জীববৈচিত্র্যের জন্য চরম ক্ষতিকর। এসব জাল ব্যবহারের ফলে নদীর প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয় এবং মাছের স্বাভাবিক প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হয়। তাই ক্ষতিকর ও অবৈধ এসব জাল নির্মূলে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান বলেন, চায়না দুয়ারি জাল মৎস্য সম্পদ সংরক্ষণে বড় হুমকি। এগুলো মূলত নদীর তীরবর্তী এলাকায় লুকিয়ে ব্যবহার করা হয়। আমরা নিয়মিত অভিযান চালিয়ে এসব জাল জব্দ ও ধ্বংস করছি। দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
.png)





