কুমিল্লা সীমান্তে ৭৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লা সদর দক্ষিণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি যানবাহনসহ প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ব্লাউজ ও ম্যাক্সি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৮ জুলাই) ভোরে উপজেলার সীমান্তবর্তী মনতলা এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে ভোরে মনতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনতলা এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ব্লাউজ ও ম্যাক্সি উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৯৫ হাজার টাকা।
কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, জব্দ করা ভারতীয় শাড়ি, ব্লাউজ, ম্যাক্সি এবং যানবাহন বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
.png)





