এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর নদী থেকে ড্রেজার অপসারণ

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর নদী থেকে ড্রেজার অপসারণ
ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের সমেষপুর গ্রামে ডাকাতিয়া নদী থেকে ড্রেজার বসিয়ে মাটি উত্তোলনের অভিযোগে সংবাদ প্রকাশের পর ড্রেজার অপসারণ করা হয়েছে।

Advertisement

রোববার (২১ জুন) দুপুরে লালমাই উপজেলার নবাগত ইউএনও সুব্রত বিশ্বাস দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের সমেষপুর গ্রামে ডাকাতিয়া নদী থেকে কোরবান আলীর বাড়ির পাশের নদী অংশে ড্রেজার বসিয়ে নদীর তলদেশ থেকে মাটি উত্তোলন করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। অবৈধভাবে মাটি উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি তীরবর্তী কৃষিজমি, বসতভিটা এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীভাঙনের ঝুঁকি বাড়তে পারে বলে তারা মনে করেন।

স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন ভূঁইয়া বলেন, সংবাদ প্রকাশের পর প্রশাসনের তৎপরতা বৃদ্ধি পায়। পরে ড্রেজার সরিয়ে নেওয়া হয়েছে। আমরা চাই ভবিষ্যতে যেন আর কেউ এভাবে নদী কাটতে না পারে।

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস এশিয়া পোস্টকে বলেন, সংবাদটি আমাদের নজরে এসেছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হয়েছে। অভিযোগের পর সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং বর্তমানে ড্রেজার সরিয়ে নেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ অবৈধভাবে নদী থেকে মাটি উত্তোলন করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় :কুমিল্লা