Advertisement

জামালপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

এশিয়া পোস্ট নিউজ, জামালপুর
জামালপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
ছবি: এশিয়া পোস্ট

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার নান্দিনা লাহারীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম বিল্লাল হোসেন। তিনি মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা। তবে নিহত অপর ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় আরিফ চৌধুরী নামে একজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে জামালপুরগামী একটি সিএনজি অটোরিকশাকে 'রাজীব পরিবহন'-এর একটি বাস পিছন দিক থেকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহত বিল্লালের ভাতিজা আরিফ বলেন, এইচএসসি পরীক্ষা দেওয়া ছেলেকে দেখতে আজকে ময়মনসিংহ গিয়েছিলেন চাচা। সেখান থেকে জামালপুরের বাড়িতে ফেরার পথেই আমরা সড়ক দুর্ঘটনায় ওনার মারা যাওয়ার সংবাদ পাই।

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দুজনের মৃত্যু হয়েছে। আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব জানান, দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় :জামালপুর