নিখোঁজ পারভেজের মরদেহ মিলল বাড়ির পাশের পুকুরে

ঠাকুরগাঁওয়ের বালিডাঙ্গীতে বাড়ি থেকে নিখোঁজের তিন দিন পর পারভেজ (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ আগস্ট) সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পারভেজ বালিডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের চাড়োল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তার বাবা জীবিকার তাগিদে বর্তমানে কুমিল্লায় কর্মরত রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাড়ি থেকে ৬ হাজার টাকা নিয়ে বের হন পারভেজ। ওই দিন মায়ের সঙ্গে শেষবার মোবাইল ফোনে কথা হলেও এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে চাড়োল গ্রামের একটি পুরনো পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও পরিবারকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করলে স্বজনেরা শরীরের বিভিন্ন চিহ্ন দেখে পারভেজের পরিচয় নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সুলতানুল আজম জানান, পারভেজ মাঝে মাঝে মাদকসেবন করতেন। সকালে পুকুরে তার মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে তিনি তাৎক্ষণিক থানায় জানান।
বালিডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



