logo

আশুলিয়ায় গুলিতে যুবক আহত

আশুলিয়ায় গুলিতে যুবক আহত
আশুলিয়া থানা। ছবি : এশিয়া পোস্ট

সাভারের আশুলিয়ায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের গুলিতে সাইদুর রহমান (৩২) নামের এক যুবক আহত হয়েছেন। গুলিবিদ্ধ ওই যুবক বর্তমানে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. রাকিবুল হাসান ইশান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত সাইদুর রহমানের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার পাঠানটারি এলাকায়, তার বাবার নাম রফিকুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়া থানার ধলপুর এলাকার বাসিন্দা রকি দেওয়ানের (২৬) সঙ্গে একই গ্রামের হাফিজুর রহমানের (৪৫) দীর্ঘদিন ধরে পূর্বশত্রুতা চলে আসছিল। এই বিরোধের জেরে গত বৃহস্পতিবার রাতে ১০টার দিকে হাফিজুরের ছেলে আসিফ (২৩) ও তার সহযোগী কামরুল (৩৩) মোটরসাইকেলে ঘটনাস্থলে আসেন। এ সময় তারা রকি দেওয়ানকে লক্ষ্য করে পিস্তল দিয়ে তিন রাউন্ড গুলি ছোড়েন। এতে একটি গুলি রকি দেওয়ানের সঙ্গে থাকা তার বন্ধু সাইদুর রহমানের বাম পায়ের হাঁটুর ওপরে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. রাকিবুল হাসান ইশান জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত তৎপরতা শুরু করে। ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।