logo

চট্টগ্রাম থেকে ঢাকামুখী এক লেনে চলছে গাড়ি, ৬০ কিলোমিটারজুড়ে ধীর গতি

চট্টগ্রাম থেকে ঢাকামুখী এক লেনে চলছে গাড়ি, ৬০ কিলোমিটারজুড়ে ধীর গতি

চট্টগ্রাম শহর থেকে মিরসরাই পর্যন্ত এক লেনে চলছে ঢাকামুখী দূরপাল্লার যানবাহন। ঢাকামুখী দুই লেনের একটিতে আশপাশের এলাকার ফিলিং স্টেশনের গাড়ির সারি চলে আসায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কের প্রায় ৬০ কিলোমিটার অংশে ধীরগতিতে এগোচ্ছে ঢাকামুখী যানবাহন।

শনিবার (১৪ মার্চ) দুপুরে সরেজমিনে মিরসরাইয়ের মিঠাছড়া থেকে সীতাকুণ্ড ও কুমিরা পর্যন্ত আরও কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। 

সীতাকুণ্ড পৌরসভা এলাকার সীতাকুণ্ড ফিলিং স্টেশন, টেকনো ফিলিং স্টেশন, সেবা ফিলিং স্টেশন এবং মোস্তফা সিএনজি স্টেশনের সামনে গাড়ির সারি মূল সড়কের একটি লেন দখল করে ফেলায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

একই চিত্র দেখা গেছে মিঠাছড়া ও কুমিরা এলাকার পাম্পগুলোতেও। পাম্পের লাইন ও মহাসড়কের গাড়ির জটলার কারণে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হচ্ছে।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া এশিয়া পোস্টকে বলেন, জ্বালানি তেল কেনার সীমা নির্ধারণ করে দেওয়ায় প্রায় সব পাম্পে গাড়ির দীর্ঘ সারি তৈরি হচ্ছে। মহাসড়কের দুটি লেনের একটিতে গাড়ি দাঁড়িয়ে থাকায় একটি দিয়ে যানবাহন চলাচল করাতে হচ্ছে।

গত বছর মহাসড়কে যানজটের সুযোগ নিয়ে কিছু যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছিল। আসন্ন ঈদযাত্রায় একই শঙ্কা করা হচ্ছে।

এ প্রসঙ্গে ওসি জাকারিয়া বলেন, দিনে দুটি ট্রাফিক টিমের পাশাপাশি একটি টহল টিম পরিচালনা করি। রাতে টহল টিমের সংখ্যা বাড়িয়ে দুটি করা হয়। আমাদের পর্যাপ্ত লোকবল আছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিশেষ কোনো শঙ্কা দেখছি না। যাত্রীদের নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে।