কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, নিহত ২

কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলি এলাকায় একটি বাস সড়কের পাশের খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী একটি বাস জিংলাতলি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে দুজন মারা যায়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে কাজ চলছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।