logo

দাদার সঙ্গে বেরিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

দাদার সঙ্গে বেরিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

মুন্সীগঞ্জের শ্রীনগরে দাদার সঙ্গে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মোস্তাফিজুর (৪) ও আলিফ (৩) নামে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার হাঁসাড়া দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

নিহত মোস্তাফিজুর হাঁসাড়া বাজারের মুরগি ব্যবসায়ী শহিদুল দেওয়ানের ছেলে এবং আলিফ সিঙ্গাপুরপ্রবাসী আসাদুল দেওয়ানের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৭টার দিকে দাদা হালিম দেওয়ান দুই নাতি মোস্তাফিজুর ও আলিফকে নিয়ে মূল বাড়ির সামান্য দক্ষিণে অবস্থিত পুরোনো বাড়িতে (ছালাম দেওয়ানের বাড়ি) বেড়াতে যান। সেখানে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথাবার্তায় ব্যস্ত হয়ে পড়েন তিনি। এ সময় শিশু দুটি বাড়িসংলগ্ন পুকুরপাড়ে খেলতে যায়। একপর্যায়ে সবার অগোচরে তারা পুকুরে পড়ে যায়।

পরে শিশুদের খাবার খাওয়ানোর জন্য তাদের মায়েরা ডাকতে এসে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে দুই শিশুকে ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।

শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।