logo

তিন ব্যবসায়ীর বাসায় চিরকুট, ‘রেডি থাকবেন’ লিখে হুমকি

তিন ব্যবসায়ীর বাসায় চিরকুট, ‘রেডি থাকবেন’ লিখে হুমকি
তিন ব্যবসায়ীর প্রত্যেকের বাসার সামনে একটি করে চিরকুট পাওয়া যায়। ছবি : এশিয়া পোস্ট

বরগুনা পৌর শহরের গার্লস স্কুল সড়কে তিন ব্যবসায়ীর বাসার সামনে ডাকাতির হুমকি দিয়ে চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। চিরকুটে লেখা ছিল, ‘আজকে রাতে এখানে ডাকাতি করা হবে, রেডি থাকবেন।’ চিরকুটের শেষে কার্টুন আকৃতির একটি ছবিও আঁকা ছিল।

রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে ব্যবসায়ী জুয়েল তালুকদার, অমল কৃষ্ণ তালুকদার ও শংকর তালুকদারের বাসার সামনে এসব চিরকুট পাওয়া যায়।

Advertisement

হুমকি পাওয়া জুয়েল তালুকদার পৌর শহরের স্বর্ণ ব্যবসায়ী। অমল কৃষ্ণ তালুকদার সাবেক জেলা আওয়ামী লীগ নেতা ও চাল ব্যবসায়ী, আর শংকর তালুকদারও একজন বড় চাল ব্যবসায়ী।

তিন ব্যবসায়ীর বাসার সামনে পাওয়া চিরকুটের ভাষা একই। ছবি : এশিয়া পোস্ট
তিন ব্যবসায়ীর বাসার সামনে পাওয়া চিরকুটের ভাষা একই। ছবি : এশিয়া পোস্ট

ভুক্তভোগী ব্যবসায়ী জুয়েল তালুকদার নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে এশিয়া পোস্টকে বলেন, চিরকুট পাওয়ার পর বিষয়টি বরগুনা সদর থানা, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পটুয়াখালী এসআরবি-৮-কে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্টরা আমাদের নিরাপত্তার বিষয়ে আশ্বাস দিয়েছেন। পাশাপাশি চিরকুট রেখে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন।

এ বিষয়ে চাল ব্যবসায়ী শংকর তালুকদার এশিয়া পোস্টকে বলেন, আমার কোনো শত্রু নেই। তারপরও কারা এভাবে চিরকুট দিয়েছে, তা জানি না। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি এবং জেলা বিএনপির নেতাদেরও জানিয়েছি। তারা আশ্বস্ত করেছেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ এশিয়া পোস্টকে বলেন, তিন ব্যবসায়ীর বাসার সামনে চিরকুট রেখে যাওয়ার বিষয়টি জানতে পেরেছি। কে বা কারা চিরকুটগুলো রেখে গেছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ওই বাসাগুলোর নিরাপত্তার বিষয়েও পুলিশ সজাগ রয়েছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট