Advertisement

শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও

এশিয়া পোস্ট নিউজ, নড়াইল
শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
পুলিশের মাইক্রোবাস আটকে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। ছবি: এশিয়া পোস্ট

নড়াইলে পাঁচ বছরের শিশু জান্নাতুলকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত রবিউল শিকদারকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও এবং নড়াইল-মাগুরা মহাসড়ক অবরোধ করেছেন ছাত্র-জনতা ও সাধারণ মানুষ।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে নড়াইল পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করা হয়। এর আগে শহরের টার্মিনাল চত্বরে পুলিশবাহী গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা।

পুলিশের গাড়ি আটকে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। ছবি: এশিয়া পোস্ট
পুলিশের গাড়ি আটকে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। ছবি: এশিয়া পোস্ট

জানা গেছে, মঙ্গলবার সকালে রামচন্দ্রপুর গ্রামের লোকজন অভিযুক্ত রবিউল শিকদারকে আটক করে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নিয়ে প্রথমে নড়াইল সদর থানায় নিয়ে যায়। পরে একটি মাইক্রোবাসে করে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়ার সময় টার্মিনাল এলাকায় আগে থেকেই অবস্থান নেওয়া ছাত্র-জনতা ও সাধারণ মানুষ গাড়িটির গতিরোধ করে বিক্ষোভ শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে বিক্ষোভকারীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন এবং অভিযুক্তকে তাদের কাছে ছেড়ে দেওয়ার দাবি জানান। একপর্যায়ে তারা নড়াইল-মাগুরা মহাসড়ক অবরোধ করেন।

পরে পুলিশ সুপারের কার্যালয় থেকে অতিরিক্ত পুলিশ পাহারায় অভিযুক্ত রবিউল শিকদারকে আদালতে সোপর্দ করা হয়। এ সময় প্রবল বৃষ্টির মধ্যেও বিপুলসংখ্যক ছাত্র-জনতা ও সাধারণ মানুষ আদালত চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

বিষয় :নড়াইল