logo

চলতি অর্থবছরে সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম

চলতি অর্থবছরে সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম
ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)। ছবি: এশিয়া পোস্ট

চলতি অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি সম্মানির আওতায় আনা হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)।

তিনি বলেন, এরই মধ্যে প্রায় ২ লাখ ১০ হাজার সুবিধাভোগীর তথ্য অন্তর্ভুক্তির কাজ শেষ হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে বাকি সুবিধাভোগীদেরও এ কর্মসূচির আওতায় আনার চেষ্টা চলছে। পর্যায়ক্রমে আগামী চার অর্থবছরে দেশের সব মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের এ সুবিধার আওতায় আনা হবে।

Advertisement

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সাভারের আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস আয়োজিত দুদিনব্যাপী ‘আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সরকারের ৩১ দফা প্রতিশ্রুতির কথা উল্লেখ করে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, যে যে ধর্মেরই হোক না কেন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, যাজক, সহকারী যাজক, অধ্যক্ষ বা উপাধ্যক্ষদের সম্মানিত করলে জাতি সঠিক পথ পাবে। এই বিশ্বাস থেকেই সরকার কাজ করছে। তিনি আরও জানান, যাদের তথ্য এখনও অন্তর্ভুক্ত হয়নি, তারাও জুলাই মাস থেকে বকেয়াসহ সম্মানি পাবেন।

ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে মায়েদের স্বাবলম্বী করা, কৃষক কার্ড, উন্নত স্বাস্থ্যনীতি, আনন্দমুখর শিক্ষাব্যবস্থা, ২৫ কোটি বৃক্ষরোপণ ও কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। তবে শুধু আর্থিকভাবে স্বাবলম্বী হলেই হবে না, মানুষকে হক ও বাতিলের পার্থক্যও বোঝাতে হবে। ধর্মীয় পথপ্রদর্শকেরা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মাদ্রাসা শিক্ষাবোর্ডের সমন্বয় ও স্বীকৃতির বিষয়ে শামীম কায়সার বলেন, কওমি মাদ্রাসার জন্য আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের আদলে মাদ্রাসা শিক্ষাবোর্ডগুলোর সমন্বয় ও স্বীকৃতির বিষয়টি আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি মাদ্রাসাশিক্ষার্থীদের বিসিএসসহ সরকারি চাকরিতে সুযোগ সম্প্রসারণের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কাজ চলছে। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের পরামর্শ চাওয়া হলে তা দেওয়া হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের সচিব শাইখ ড. আওয়াদ বিন সাবতী আল-আনাযী, আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দুল ওয়াহহাব সাঈদানী এবং অল ইন্ডিয়া জমঈয়তে আহলে হাদীসের আমির শাইখ আসগর আলী আলাফী মাদানীসহ অন্যরা।