জুলাই হত্যাকারীদের কারও ক্ষমা নেই: সংস্কৃতিমন্ত্রী

২০২৪ সালের জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে, কারও কোনো ক্ষমা হবে না বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
বৃহস্পতিবার (১৬ জুলাই) মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জুলাই শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আন্দোলন দমাতে ছাত্র-জনতার ওপর হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছিল। শত শত মানুষ নিহত হওয়ার পরও আন্দোলনের তীব্রতা কমানো যায়নি। কিন্তু এখনও অনেক হত্যাকারীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে, কারও কোনো ক্ষমা হবে না।
এ সময় মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী, সহকারী কমিশনার (ভূমি) মো. সাদমান আকিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবু আহসান, প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা শহীদদের আদর্শ ও চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
.png)





