ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না এসআই গোলাম রব্বানীর

ছুটি শেষে ঢাকায় কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গোলাম রব্বানী (৩৩) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গোলাম রব্বানী রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় ফুলিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে। তিনি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে রংপুর থেকে প্রাইভেটকারে ঢাকায় ফিরছিলেন গোলাম রব্বানী। রাতের কোনো এক সময় শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ছোনকা এলাকায় পৌঁছালে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মাঝের বিভাজকে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। গোলাম রব্বানী গাড়ির ভেতরে গুরুতর আহত অবস্থায় আটকে পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার পরিচয়পত্র উদ্ধার করে পরিচয় নিশ্চিত করে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা পরিচয়পত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, গোলাম রব্বানী বাংলাদেশ পুলিশের সদস্য। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা চলছে। তার মরদেহ শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।