logo

মেহেরপুরে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় দাপ্তরিক কাগজপত্রে স্বাক্ষর নিচ্ছেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। ছবি : এশিয়া পোস্ট

মেহেরপুর শহরের তাঁতীপাড়া এলাকায় অভিযান চালিয়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্যবিহীন শিশু খাদ্য বাজারজাত ও বিক্রির দায়ে ‘হৃদয় ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে দোকানটিতে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের নামসহ প্রয়োজনীয় তথ্যবিহীন শিশু খাদ্য (চিপস, জুস, লজেন্স, হাওয়াই মিঠাই ও হালুয়া) বাজারজাত ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রিয়াজ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।