আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ ভবনে আগুন

ঢাকার আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন পরিষদ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ডিইপিজেড সংলগ্ন ইউনিয়ন পরিষদের সিঁড়ির নিচে থাকা মালামালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে ধামসোনা ইউনিয়ন পরিষদ ভবনে আগুন লাগার খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে সিঁড়ির নিচে সংরক্ষিত জেনারেটর, হুইলচেয়ার, মশকনিধন কেমিক্যাল, ফগার মেশিন ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। তবে ভবনের বাকি কক্ষগুলো অক্ষত রয়েছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এতে প্রায় কয়েক লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


