logo

মন্ত্রীকে কটূক্তির অভিযোগে এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মন্ত্রীকে কটূক্তির অভিযোগে এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে কটূক্তির অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনের এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের আদালত। এই প্রথম ত্রয়োদশ জাতীয় সংসদের কোনো সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ বিষয়ে নির্দেশ দেন।

আমির হামজার বিরুদ্ধে বাদী হয়ে মানহানির এই মামলাটি করেন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। 

তিনি বলেন, মুফতি আমির হামজা সিরাজগঞ্জের কৃতী সন্তান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করেন। এ ঘটনায় জেলা বিএনপির নির্দেশে মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। ওই মামলায় সমন জারির পরে আদালতে হাজির না হওয়ায় আজ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।  

আমির হামজাকে ১৯ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করা হয়েছিল। তবে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এই আদেশ দেন বিচারক।

এর আগে ২৬ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ একটি বক্তব্য দেন। সেই বক্তব্যকে ঘিরে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় তাকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করেন আমির হামজা। পরে তার বিরুদ্ধে একাধিক মানহানি মামলা করা হয়।

একই অভিযোগে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার আরেকটি মানহানির মামলা করেন। ওই মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন আদালত।