logo

মসজিদে নামাজরত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

মসজিদে নামাজরত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতর নামাজরত অবস্থায় এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

রোববার (৩ মে) ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজর নামাজের সময় এ ঘটনা ঘটে। 

​নিহত হাফিজ উদ্দিন (৯০) ওই এলাকার পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জসিম মিয়া (৩০) নামে এক অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।
​
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোরে পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজর নামাজ চলছিল। হাফিজ উদ্দিন তখন সিজদারত অবস্থায় ছিলেন। এ সময় হঠাৎ জসিম মিয়া মসজিদের ভেতরে প্রবেশ করে হাফিজ উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। উপস্থিত মুসল্লি ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্ত জসিম মিয়াকে আটক করে। 

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) সজিব চৌধুরী এশিয়া পোস্টকে বলেন, ঘটনার পরপরই জসিম মিয়াকে আটক করা হয়েছে। নিহত এবং অভিযুক্ত ব্যক্তি একই এলাকার বাসিন্দা। হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।