logo

টিকটক করায় মায়ের শাসন, মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টিকটক করায় মায়ের শাসন, মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গৌরনদী মডেল থানা। ছবি: এশিয়া পোস্ট

টিকটক করতে বাঁধা দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে জান্নাতুল খানম জান্নাত (১৩) নামের এক মাদ্রাসাছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন কটকস্থল গ্রামের।

মৃত জান্নাত ওই গ্রামের ইতালি প্রবাসী মো. কামাল সরদারের মেয়ে ও সুন্দরদী গাউছিয়া আবেদিয়া সুন্নীয়া মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

মৃতের স্বজনদের বরাত দিয়ে রোববার সকালে গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানিয়েছেন, পড়ালেখা বাদ দিয়ে টিকটক করায় জান্নাতুলের মা তাকে শনিবার (৭ নভেম্বর) বিকেলে শাসন করেন। এতে মায়ের ওপর অভিমান করে সবার অজান্তে রান্না ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নেয় জান্নাতুল।

স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।